চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় একটি মুরগির খামারের ঝোপ থেকে দুটি দেশীয় তৈরি শর্টগান ও ১২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
রবিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে র্যাব-১১, সিপিএসসি-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল চলাকালে বাহিনীটি খবর পায় যে, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার রাসেল দেওয়ানের মুরগির খামারের ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সেখানে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ব্যাগটির ভেতর থেকে দুটি দেশীয় তৈরি শর্টগান এবং ১২ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। পরে জব্দতালিকা প্রস্তুত করে অস্ত্র ও গুলিগুলো জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, “র্যাব-১১ উদ্ধার করা দুটি দেশীয় শর্টগান ও ১২ রাউন্ড শর্টগানের গুলি আমাদের থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অস্ত্রগুলোর উৎস এবং কারা এগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।”
স্টাফ করেসপন্ডেট/
৬ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur