Home / খেলাধুলা / নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন বলা জার্মান অর্থনীতিবিদ এখন কি করবেন?
জার্মান

নেদারল্যান্ডসকে চ্যাম্পিয়ন বলা জার্মান অর্থনীতিবিদ এখন কি করবেন?

২০২৬ ফিফা বিশ্বকাপ বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে চলেছে। এরই মধ্যে আবারও আলোচনায় উঠে এসেছেন এক অপ্রত্যাশিত ব্যক্তি। জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট। তিনি কোনো কোচ, ফুটবল বিশ্লেষক, স্কাউট বা সাবেক ফুটবলার নন। তবুও বিশ্বকাপ নিয়ে তার ভবিষ্যদ্বাণী ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। কারণ, তিনি টানা তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে পূর্বাভাস দিয়েছিলেন। ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনা।

তবে ২০২৬ সালে এসে তিনি ভুল প্রমাণিত হলেন। ২০২৬ সালে নেদারল্যান্ডস প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে এমনটাই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। ফাইনালে তারা পর্তুগালকে হারিয়ে শিরোপা ঘরে তুলবে। তবে মরক্কোর সঙ্গে ডাচদের হারায় তার ভবিষ্যদ্বাণী রাউন্ড অব ৩২-এ শেষ হয়ে গেলো।

প্রচলিত ফুটবল বিশ্লেষণের বিপরীতে ক্লেমেন্টের মডেল নির্ভর করে অর্থনৈতিক ও জনমিতিক (ডেমোগ্রাফিক) বিভিন্ন সূচকের ওপর। একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, ক্রীড়া অবকাঠামো, সমাজে ফুটবলের অবস্থান, ফুটবলের ঐতিহ্য এবং ফিফা র‌্যাঙ্কিং — সবকিছুই তার হিসাবের অংশ।

যেখানে অধিকাংশ ফুটবল সমর্থক দলের সাম্প্রতিক পারফরম্যান্স, তারকা খেলোয়াড় বা অতীতের শিরোপার ওপর গুরুত্ব দেন, সেখানে ক্লেমেন্ট বিশ্বকাপকে মূলত একটি গাণিতিক বিশ্লেষণের বিষয় হিসেবে দেখেন।

তবে ক্লেমেন্ট নিজেই বারবার সতর্ক করে বলেছেন, তার পূর্বাভাসকে চূড়ান্ত সত্য হিসেবে দেখা উচিত নয়। তার মতে, ফুটবল এমন একটি খেলা যেখানে অনিশ্চয়তার ভূমিকা অত্যন্ত বড়। কোনো পরিসংখ্যানভিত্তিক মডেলই রেফারির সিদ্ধান্ত, খেলোয়াড়ের ইনজুরি কিংবা কোনো ফুটবলারের অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যের মুহূর্ত আগে থেকে নির্ভুলভাবে অনুমান করতে পারে না।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ৩০ জুন ২০২৬