প্রথম বাসের যাত্রী হয়ে বলাখাল থেকে হাজীগঞ্জে গেলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। এভাবেই তিনি বলাখাল বাস স্টপেজ উদ্বোধন করলেন। শুক্রবার (১২ জুন ) সকালে এ উপলক্ষে বলাখাল মধ্য বাজার যাত্রী ছাউনির সামনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন শেষে চাঁদপুর থেকে কুমিল্লা অভিমুখী একটি বোগদাদ বাসে উঠে পড়েন এমপি মমিন। এ সময় ওই বাসের চালককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং সকল যাত্রীর মাঝে মিষ্টি বিতরণ করেন।
উদ্বোধনের আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ইঞ্জি. মমিনুল হক এমপি বলেন, আজকে বলাখাল বাস স্টপেজ উদ্বোধন করা হলো। তবে আপনারা মনে রাখবেন কেউ যেনো বাসে থাপ্পর দিয়ে টাকা রুজির ধান্ধা না করতে পারে। এ জাতীয় অভিযোগে সরাসরি ওসি সাহেব ব্যবস্থা নেবেন।
ভিন্ন প্রসঙ্গে তিনি বলেন, বলাখালের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফলাফলের পুরানো ঐতিহ্যে ফিরে আসতে হবে। হাজীগঞ্জের আরেকটি কলেজকে সরকারিকরণ করা হবে। বলাখালের আশেপাশে টেকনিক্যাল প্রতিষ্ঠান ও স্টেডিয়াম করা হবে।
পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদারের সভাপ্রধানে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক যুগ্ম সচিব তালুকদার আব্দুল হক, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মোশারফ হোসেন।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক হাসান মিয়াজী, আবু সুফিয়ান রানা, হাজীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন হেলাল, বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খোদেজা বেগম, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দ্স, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তারসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সুমন, আব্দুল মতিন স্বপন, শুকুর আলম বেপারী, জুলহাস চৌধুরী, রাশেদ আলম হীরা, সোহেল, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বেপারী, মিজানুর রহমান, আমির বকাউল, ছাত্রনেতা সাগরসহ উপজেলা, পৌর বিভিন্ন ওয়ার্ডের কয়েক শতাধিক নেতা-কর্মী।
উল্লেখ্য, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখালে একটি বাস স্টপেজের দাবি বহু পুরানো। এ নিয়ে গেলো ঈদ পূর্ববর্তী সময়ে বলাখালে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধে নামে। এর পরে স্থানীয় সংসদ সদস্যের নজরে আসে বিষয়টি। তাঁর আন্তরিক প্রচেষ্টার পর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয় বলাখাল বাজারে বোগদাদ ও আইদি বাস স্টপেজের।
স্টাফ করেসপন্ডেট/ ১৩ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur