Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ইউএনও

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ইউএনও

‘নিজের সচেতনতাই পরিবার ও সমাজের সুরক্ষা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

বুধবার (১০ জুন) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা।

সভাপতির বক্তব্যে তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা। আমরা যদি নিজ নিজ বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তাহলে এডিস মশার প্রজনন অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে জন্ম নেয়। তাই ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, পানির ট্যাংক, নির্মাণাধীন ভবনের বিভিন্ন পাত্রসহ যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। কোনো অবস্থাতেই তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। পাশাপাশি মশারি ব্যবহার, পূর্ণহাতা পোশাক পরিধান এবং ব্যক্তিগত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
এছাড়া বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবাদমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে সচেতনতামূলক তথ্য প্রচার বাড়াতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারলে এ কার্যক্রম আরও সফল হবে। সচেতন নাগরিকই পারে একটি নিরাপদ ও সুস্থ সমাজ গড়ে তুলতে।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, চাঁদপুর সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাহাত আমিন পাটওয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিউল ইসলাম, চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,

১০ জুন ২০২৬