Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে চাঁদপুর সদরে আলোচনা সভা 

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে চাঁদপুর সদরে আলোচনা সভা 

বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর সদর উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- এস এম এন জামিউল হিকমা বলেন, বর্তমান সমাজে তরুণ প্রজন্মের মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের একটি অংশ ধীরে ধীরে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা আমাদের সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। এ অবস্থা থেকে উত্তরণে পরিবার, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আমাদের অনেক সময় দেখা যায় কোনো শিক্ষার্থী প্রকাশ্যে ধূমপান করছে, কিন্তু সমাজের প্রবীণ বা দায়িত্বশীল ব্যক্তিরা তা দেখেও নীরব থাকেন। অথচ তাকে ভালোভাবে ডেকে বুঝিয়ে বলা উচিত যে একজন শিক্ষার্থীর আচরণ ও জীবনধারা কেমন হওয়া উচিত। সময়মতো সচেতন করা গেলে তার মধ্যে লজ্জাবোধ ও আত্মসমালোচনার সুযোগ তৈরি হয়, যা তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে সহায়তা করতে পারে।

তিনি আরও বলেন, যখন সমাজের বড়রা এসব বিষয় উপেক্ষা করেন, তখন কিশোররা মনে করে তাদের এ ধরনের কর্মকাণ্ডে কোনো বাধা নেই। ফলে ধীরে ধীরে তারা আরও খারাপ অভ্যাস ও অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ে। কিশোর গ্যাং, ইভটিজিং, ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধের সূচনা অনেক সময় এমন ছোট ছোট নেতিবাচক অভ্যাস থেকেই হয়ে থাকে। তাই মাদক ও তামাকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি- সোহেল রুশদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুব আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো. মোস্তাফিজুর রহমান, এসআই মো. নূরুল আলমসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেট/ ১০ জুন ২০২৬