Home / চাঁদপুর / চাঁদপুরে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

চাঁদপুরে নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

চাঁদপুর সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়েনের চেয়ারম্যান স্টেশন সংলগ্ন ঈদগাহ ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে সোহাগ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেল ৪টা ৪০ মিনিটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


নিহত সোহাগ ঢাকার কেরানীগঞ্জ থানার পার গেন্ডারিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত নুর ইসলাম।


স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে সোহাগসহ কয়েকজন ব্যক্তি চেয়ারম্যান স্টেশন এলাকার ঈদগাহ ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সোহাগ বজ্রাঘাতে গুরুতর আহত হন। একই ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি আহত হন।


বজ্রপাতের পর ঘটনাস্থলে থাকা লোকজন দ্রুত সোহাগকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।


হাসপাতাল সূত্রে সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


স্থানীয় সচেতন মহল বর্ষাকালে বৃষ্টি ও বজ্রপাতের সময় নদী, খোলা মাঠ, উন্মুক্ত স্থানে অবস্থান না করার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৯ জুন ২০২৬