Home / চাঁদপুর / প্রত্যেক মানুষের পরিবর্তনের সুযোগ আছে, গড়তে হবে মাদকমুক্ত ভবিষ্যৎ: ডিসি

প্রত্যেক মানুষের পরিবর্তনের সুযোগ আছে, গড়তে হবে মাদকমুক্ত ভবিষ্যৎ: ডিসি

চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান বলেছেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজ ধ্বংসকারী ব্যাধি। যারা কোনো না কোনো কারণে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছেন, তাদের জন্য সংশোধন ও আত্মশুদ্ধির সুযোগ রয়েছে।

সোমবার (৮ জুন) সকালে চাঁদপুর জেলা কারাগারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা কারাগারের যৌথ উদ্যোগে কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও মাদক মুক্ত জীবন গঠনের উদ্দেশ্যে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক কারাবন্দিদের উদ্দেশে বলেন, কারাগার শুধু শাস্তি ভোগের স্থান নয়; বরং নিজেকে নতুনভাবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। মাদকের অন্ধকার পথ থেকে সরে এসে সৎ, কর্মমুখী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেক মানুষ পরিবর্তনের সুযোগ পাওয়ার অধিকার রাখে। সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
জেলা প্রশাসক বলেন, তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে এবং তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে।

জনসচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক মূল্যবোধের চর্চাই একটি নিরাপদ, সুস্থ ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে গণসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে সকলকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

এসময় জেলা কারাগারের জেলার মোঃ জুবাইর হোসেন, কারাগারের নতুন সহকারী সার্জন ডাঃ মামুন সরকার

অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাদক মামলায় আটক কারাবন্দিদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে কারাবন্দিদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৮ জুন ২০২৬