Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে আয়েশা মান্নান ফ্রি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন
আয়েশা

হাইমচরে আয়েশা মান্নান ফ্রি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্বোধন

সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চাঁদপুরের হাইমচরে ‘আয়েশা মান্নান ফ্রি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার মাঝির মোড়সংলগ্ন ছোট লক্ষ্মীপুর গ্রামে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাজী মোস্তফা আল মাহমুদ এবং ফারুক ই আজম (রহ.) দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কাদের।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গন্ডামারা এবিএস ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান হামিদি। এ সময় দুর্গাপুর হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুস সাত্তার মাস্টার, আলগী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফারুকুল ইসলাম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাস্থ্যসেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা ফারুকুল ইসলাম বলেন, মানুষের সেবা করার মহান উদ্দেশ্য নিয়ে এ স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে রোগীদের কাছ থেকে কোনো ধরনের অর্থ নেওয়া হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা ছাড়াও বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি প্রতি শুক্রবার একজন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত থেকে রোগীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির সার্বিক কল্যাণ, সফলতা এবং মানবতার সেবায় এ উদ্যোগের ধারাবাহিকতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
১৩ নভেম্বর ২০২৬