Home / সারাদেশ / ঈদের ছুটিতে চাঁদপুরসহ সারাদেশে সড়কে নিহত ৩৭

ঈদের ছুটিতে চাঁদপুরসহ সারাদেশে সড়কে নিহত ৩৭

ঈদের ছুটিতে গত মঙ্গলবার থেকে গতকাল রবিবার পর্যন্ত ছয় দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯০ জন। এর মধ্যে ঈদের দিন গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ পাঁচ জন, নেত্রকোনায় পাঁচ জন, ফরিদপুরের মধুখালীতে চারজন নিহত হয়েছে। এছাড়া ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বাবা ও ছেলে। সড়কে হতাহতের অন্য ঘটনাগুলো ঘটেছে নরসিংদী, পটুয়াখালী, চট্টগ্রাম, সাতক্ষীরা, দিনাজপুর, নাটোর, নড়াইল, জামালপুর, চাঁদপুর, গাইবান্ধা, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, কক্সবাজার, টাঙ্গাইল, কুষ্টিয়া ও কিশোরগঞ্জ জেলায়।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গত বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে শহরের বেদগ্রামে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন জনসহ পাঁচ জন নিহত হয়েছে। নিহতরা হলেন: পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোনিয়া গ্রামের আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৬), তার স্ত্রী খাদিজা খাতুন (৩০), ছেলে মো. আরমান (৬), মোটরসাইকেল চালক বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের শাওন ঢালী (২২) ও মোটরসাইকেল আরোহী একই গ্রামের মাহাবুব শেখের ছেলে এসএসসি পরীক্ষার্থী সোয়েব শেখ (১৬)। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়। জানা গেছে, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে মহাসড়কের বেদগ্রামে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নেত্রকোনা প্রতিনিধি জানান, গত শুক্রবার ও গতকাল রবিবার সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ অন্তত পাঁচ জন নিহত হয়েছেন। গতকাল নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস সদরের চল্লিশা বাইপাস এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন নারী নিহত হন। তাত্ক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এছাড়া ঈদের পরদিন নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত ও এক জন আহত হয়েছেন। নিহতরা হলেন সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নয়ন মিয়ার ছেলে নিরব (২৪) এবং ঘোষপাড়া এলাকার সজীব মিয়ার ছেলে সোহান (২০)।

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা জানান, ঈদের দিন বিকালে পদ্মা সেতু দেখতে যাওয়ার পথে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের হামিদ শেখের ছেলে রাজন শেখ (১৮) এবং ওয়াসিম ফকিরের ছেলে ইব্রাহিম ফকির (১৭)। গত শুক্রবার মথুরাপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি দুই বন্ধুর লাশ দাফন করা হয়েছে। এছাড়া গত মঙ্গলবার সন্ধ্যায় দিঘলিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় মাগুরাগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কারের চাপায় মো. আব্দুল মালেক শেখ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন। একই দিন ভোরে রায়পুর ইউনিয়নের ব্রাহ্মণকান্দা বাজার বাইপাস সড়কে অজ্ঞাত বাহনের চাপায় ভারসাম্যহীন নারী মীম খাতুন (২৬) নিহত হয়েছেন। তার বাড়ি ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে।

ময়মনসিংহ প্রতিনিধি জানান, গত শনিবার সকালে ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুর এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলো হালুয়াঘাট থানা এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৩১) ও তার আড়াই বছরের শিশু ছেলে রুহান।

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা জানান, গত বুধবার সন্ধ্যায় উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এরা হলেন: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাপনগর গ্রামের আবদুর রব মিয়ার ছেলে রুমান মিয়া (২৬) এবং নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের শাহ আহাম্মদের ছেলে চান মিয়া (১৯)।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, গত বৃহস্পতিবার সকালে গলাচিপা পৌর এলাকার মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এরা হলেন: ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার বাসিন্দা মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (২০) এবং আবু মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)।

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, গত শনিবার ফটিকছড়ি উপজেলার বন্যপ্রাণী অভয়ারণ্য হাজারীখীলে ঘুরতে গিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানি ঘটেছে। উপজেলার রাঙাপানি চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াজিষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সনজিত দাশের একমাত্র ছেলে সীমান্ত দাশ (১৭) এবং ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিলন মাস্টারের বাড়ি সংলগ্ন মৃত দুলাল মল্লিকের ছেলে জয় মল্লিক (১৬)।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, গত মঙ্গলবার ভোরে সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসিম ফকির (৩২) নামে এক মোটরসাইকেল এবং মেহেদী হাসান (২৫) নামে অপর এক আরোহী নিহত হয়েছেন। খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা জানান, গত শনিবার বিকালে সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হন। দশমাইল পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলচালক আমেনা-বাকি রেসিডেনন্সিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জাবির খালেদ (১৮) ঘটনাস্থলে এবং তার বন্ধু আহত আহনাদ তহমিদ রিয়াদ (১৮) রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপালে মারা যান।

সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, ঈদের দিন রাতে সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সজিব হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার চলনবিল পয়েন্ট এলাকায় একটি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজিব উপজেলার তাজপুর ইউনিয়নের কয়রাবাড়ি গ্রামের আরিফুল ইসলাম টগরের তৃতীয় ছেলে।

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, ঈদের দিন বিকালে উপজেলার ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের আলমুন্সির মোড়ে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক সাব্বির গাজী (১৭) নিহত হন।

জামালপুর প্রতিনিধি জানান, গত বুধবার সকালে সদরের বিনন্দের পাড়া এলাকায় জানাজার নামাজে অংশ নিতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাসচাপায় সোহরাব হোসেন সরু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি জানান, সদরের বাগাদিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে মো. জোহা (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল দুপুর দেড়টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের ইসলামপুর গাছতলা বাদামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার বাবার নাম মিরাজ সালেহ উদ্দিন তছলিম। গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলায়।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের হাজীগঞ্জে দুই বাসের প্রতিযোগিতায় একটি বাস এক ব্যক্তিকে চাপা দিলে তার মৃত্যু হয়। গতকাল রবিবার সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে টোরাগড় মনির ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মো. বিল্লাল হোসেন (৫৫) স্থানীয় ডক্টরস সিটি স্ক্যান ও ডায়াগনস্টিক সেন্টারের দারোয়ান ছিলেন। গাইবান্ধা প্রতিনিধি জানান, পলাশবাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে গেলে রিকতা খাতুন (২৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৭ জন যাত্রী। গতকাল সকালে উপজেলার গড়েয়ারপাড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিকতা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল মিয়ার স্ত্রী।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় পিয়াস (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত পিয়াস কালিকাপুর গ্রামের মনির হোসেনের ছেলে।

কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা জানান, উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া চর এলাকার ব্রিজ সংলগ্ন সড়কে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী ঝাটুরদিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ৩০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে কমপক্ষে ১৫ বাসযাত্রী গুরুতর আহত হয়েছেন।

রামু (কক্সবাজার) সংবাদদাতা জানান, শনিবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা বিকেএসপির সামনে সড়ক দুর্ঘটনায় খালেদা আক্তার (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি জানান, সেনাবাহিনীর একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অপর বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩৫/৪০ জন আহত হয়েছেন। নিহতের নাম জিয়াউল ইসলাম (৪৫)। গতকাল দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিয়াউলের বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায়। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, রবিবার সকালে কিশোরগঞ্জের ভৈরব মহাসড়কে বাসচাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আক্তারের (৬) মৃত্যু হয়েছে। মরিয়ম উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ১ জুন ২০২৬