Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে মোবাইল টাওয়ার নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন
মোবাইল

ফরিদগঞ্জে মোবাইল টাওয়ার নির্মাণ বাতিলের দাবিতে মানববন্ধন

চাঁদপুরের ফরিদগঞ্জে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল ফোন অপারেটর রবির নেটওয়ার্ক টাওয়ার নির্মাণকাজ বন্ধ ও তা বাতিলের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (২৭শে অক্টোবর) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের বেগের বাড়ি এলাকায় এই মানববন্ধন পালিত হয়। এতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জনবসতিপূর্ণ এলাকার মাঝখানে মোবাইল টাওয়ার স্থাপন করা হলে তা মানবস্বাস্থ্য, শিশু ও বৃদ্ধদের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এছাড়া টাওয়ার থেকে নির্গত তড়িৎ-চৌম্বকীয় বিকিরণ পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাব ফেলবে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।

স্থানীয়দের পক্ষে মহিউদ্দিন নামের এক ব্যক্তি টাওয়ারের নির্মাণকাজ স্থায়ীভাবে স্থগিত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এলাকাবাসীর গণস্বাক্ষরসংবলিত একটি লিখিত আবেদনও জমা দিয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের বেগের বাড়ির ইসমাইল বেগের জমিতে সম্প্রতি এই টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়। এলাকাবাসী শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসলেও তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একাধিকবার আলোচনা হলেও কাজের গতি থামেনি। টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বিটিআরসি (BTRC) নির্ধারিত প্রচলিত বিধিমালা, নিরাপত্তার মানদণ্ড এবং পরিবেশগত ছাড়পত্র যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে ঘোর সন্দেহ প্রকাশ করেছেন তাঁরা।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, মহিউদ্দিন, নুর নবী বেপারি, রাফিয়া বেগম, সানজিদা আক্তার, রাবেয়া বেগম ও আছিয়া আক্তার প্রমুখ।

বক্তারা অবিলম্বে এই বিতর্কিত স্থানে টাওয়ার নির্মাণকাজ চিরতরে বন্ধের দাবি জানান এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ফরিদগঞ্জ প্রতিনিধি/
২৭ অক্টোবর ২০২৬