“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।
ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকারের ডিজিটাল প্রযুক্তিনির্ভর উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং আগত সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন।
সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হেলাল উদ্দিন, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নান্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, ভূমিসেবা মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দেওয়া, ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসনে নাগরিকদের সহায়তা করা।
এর আগে ভূমিসেবা মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।
ষমেলায় নামজারি, ভূমি উন্নয়ন কর, অনলাইন খতিয়ান ও ই-সেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।
-শিমুল হাছান, ১৯ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur