চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক ইন্জিনিয়ার মো.জসিম উদ্দিনকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ১৮ মে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাঁদপুর জেলা কমান্ড ইউনিটের সদস্য সচীব মো. মজিবুর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মতলব দক্ষিণ উপজেলা কমান্ডের আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামে যোগদান করায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ ( ঙ) মোতাবেক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক ( চেয়ারম্যান) মো. নঈম জাহাঙ্গীরের নির্দেশক্রমে এবং চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রবের অনুমতিক্রমে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বরকন্দাজের সভাপতিত্বে এক জরুরী সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, গত ১৬ মে মতলব কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন যুব সমাবেশ এর পর সুধী সমাবেশের প্রধান অতিথি চাঁদপুর-২ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মুবিনের হাতে ফুলের তোড়া দিয়ে মতলব দক্ষিণ উপজেলা কমান্ডের আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন জামায়াতে ইসলামে যোগদান করেন।
-মাহফুজ মল্লিক/ ১৯ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur