Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / কৃষককে পাশে বসিয়ে কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষককে পাশে বসিয়ে কথা শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘদিন পর চাঁদপুর সফরে এসে কৃষকদের সঙ্গে আন্তরিকতা ও উন্নয়ন ভাবনার বার্তা দিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ্দ খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন ও সমাবেশে যোগ দেন তিনি। এ সময় এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়, যখন তিনি উপস্থিত কৃষক সাইফুল ইসলাম লিটনকে ডেকে নিজের পাশে বসান এবং তার সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর এমন আন্তরিক আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক সাইফুল ইসলাম লিটন। তিনি বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া, আমাকে এমন একটি সুযোগ করে দেয়ার জন্য। আমি প্রধানমন্ত্রীর পাশে বসতে পেরেছি এবং আমার কথা বলার সুযোগ হয়েছে। এটি আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অবস্থানে রয়েছে। তবে আমরা এখানেই থেমে থাকতে চাই না। আমরা চাই দেশকে আরও খাদ্য সমৃদ্ধ করতে, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়।

এ সময় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের মেয়েদের স্নাতক পর্যন্ত পড়াশোনার খরচ সরকার বহন করবে। তার এ ঘোষণায় উপস্থিত জনতার মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

খোদ্দ খাল পুনঃখনন ও সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি নেতাকর্মী, কৃষক, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নেন। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে সকাল থেকেই সমাবেশস্থলে মানুষের ঢল নামে।

শরীফুল ইসলাম/ ১৬ মে ২০২৬