চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর এলাকায় অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ করে রাখা প্রায় ২ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৪ অসাধু ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।
শনিবার (৯ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর ও আউটপোস্ট মোহনপুরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার দশানী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই এলাকার ৪টি গোডাউন তল্লাশি করে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩ লাখ ২২ হাজার টাকা মূল্যের ২ হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে ৪ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়।
পরে মতলব উত্তর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি ল্যান্ড)-এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৭৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া জব্দকৃত জ্বালানি তেল সংশ্লিষ্টদের কাছে ফেরত প্রদান করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
–শরীফুল ইসলাম/ ৯ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur