চাঁদপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল-এর উদ্যোগে এ ছাগল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. এন. জামিউল হিকমা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের এ ধরনের সমন্বিত উদ্যোগ কেবল সহায়তা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীকে টেকসইভাবে স্বাবলম্বী করে তোলাই এর মূল লক্ষ্য। প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, ছাগল পালন স্বল্প পুঁজিতে অধিক লাভজনক হওয়ায় এটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর জন্য আয়ের বাস্তবসম্মত ও কার্যকর একটি মাধ্যম হতে পারে।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে অত্যন্ত কার্যকর। ছাগল পালন স্বল্প পুঁজিতে আয় বৃদ্ধির একটি টেকসই মাধ্যম। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে এ প্রকল্পের সুফলভোগীরা স্বাবলম্বী হয়ে উঠবেন বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, সরকার চায় দেশের প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীও উন্নয়নের মূলধারায় যুক্ত হোক। এ ধরনের সহায়তা তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং পারিবারিক আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, নিয়মিত পরিচর্যা, টিকাদান এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এ সহায়তাকে আয়বর্ধক সম্পদে রূপান্তর করা সম্ভব। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দপ্তরকে সুফলভোগীদের প্রয়োজনীয় পরামর্শ ও তদারকি অব্যাহত রাখার নির্দেশনা দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’ বাপ্পি দপ্ত রনি।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৬ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur