‘আলোকিত হই, পথ দেখাই’ এই স্লোগানকে সামনে রেখে পথচলা চাঁদপুরের অগ্নিবীণা পাঠাগারের পাঠক সমাবেশ ও সেরা পাঠক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় অগ্নিবীণা পাঠাগারে এ আয়োজন করা হয়। এতে ৩০ জন সেরা পাঠককে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।
তিনি সেরা পাঠক হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা হলো এমন এক সম্পদ যা কেউ চুরি করে নিতে পারেনা। তাই আমি মনে করি, আমাদের সমাজে শিক্ষিত আর ভালো মানুষই প্রকৃত সম্পদশালী। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হবার পাশাপাশি একেকজন ভালো মানুষ হয়ে উঠবে। জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কিংবা বড় ব্যবসায়ী হওয়ার চেয়ে—ভালো মানুষ হওয়াটা খুব বেশি জরুরী। আমাদের সমাজে ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে বলেই, দিন দিন- দুর্নীতি অপকর্ম বেড়ে চলেছে।
তিনি বলেন, স্মার্টফোনের অপব্যবহারের কারণে আমাদের তরুণ সমাজ দিন দিন বই-বিমুখ হয়ে পড়ছে। অথচ বই কেবল একাকিত্বের সঙ্গীই নয়, একটি ভালো বই অনেক বন্ধুর চেয়েও মূল্যবান। তোমরা যারা অবসর সময়ের সঠিক প্রয়োগ করতে বইয়ের সাথে সন্ধি করেছ— তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই অগ্নিবীণা পাঠাগারের প্রতিষ্ঠাতাসহ সকলকে। আমি বিশ্বাস করি, এই পাঠাগারটি এখানকার তরুণ সমাজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে। এই পাঠাগারের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের একজন অভিভাবক হিসেবে, আমি আমার সাধ্যমত তাদের পাশে থাকব।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, যে দেশের প্রতিটা নাগরিক আলোকিত মানুষ হবে। যে দেশে কোন বৈষম্য থাকবে না। প্রতিটা নাগরিক সমানভাবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রিয় নেতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আমাদের চাঁদপুর-৩ আসনের এমপি মহোদয়ও কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাসমুক্ত একটি সুন্দর চাঁদপুর বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে নিরাপদ ও সুন্দর চাঁদপুর গড়ে তুলতে কাজ করি।
অগ্নিবীণা পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আশরাফুজ্জামান কাজী রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সমাজসেবক ও শিক্ষানুরাগী শফিকুর রহমান ডাক্তার, হান্নান বেপারী, মহসিন গাজী, রুবেল ঢালী, সাংবাদিক সংগীত শিল্পী পলাশ কুমার দে, অগ্নিবীণা পাঠাগারের সদস্য তানিয়া, নাঈমুর রহমান প্রিন্স, প্রণয় আচার্য, অর্ক, ইসরাত জাহান, সাদ্দাম হোসেন ঢালী, তাহসান প্রমুখ।
–আশিক বিন রহিম/ ২৫ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur