জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছরের মতো আজ ২৫ এপ্রিল বিশ্বব্যাপি পালিত হচ্ছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য হলো, ‘ম্যালেরিয়া নির্মূলে বদ্ধপরিকর: এখনই আমরা পারি, এখনই আমাদের করতে হবে’। ২০০১ সালে আফ্রিকায় প্রথম শুরু হলেও ২০০৭ সাল থেকে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হচ্ছে।
বাংলাদেশে ম্যালেরিয়ার জীবাণুতে জিনগত পরিবর্তন ধরা পড়েছে, যা রোগ নিয়ন্ত্রণে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এ পরিবর্তনের কারণে শরীরে জীবাণু থাকলেও প্রচলিত পরীক্ষায় অনেক সময় তা শনাক্ত হচ্ছে না।
পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর নতুন ধরনের শনাক্তকরণ কিট ব্যবহার শুরু করেছে, যার কার্যকারিতা আগামী দুই বছর পর্যবেক্ষণ করা হবে। গত বছর রাঙামাটিতে ম্যালেরিয়ার লক্ষণ থাকা সত্ত্বেও পরীক্ষার ফল নেগেটিভ আসায় নমুনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যাবে পাঠিয়ে এই জিনগত পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচির তথ্যমতে, প্রতিবছর মে থেকে আগস্ট মাসে সংক্রমণের হার সবচেয়ে বেশি থাকে। দেশের মোট রোগীর ৯৩ শতাংশই বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার। এর বাইরে খাগড়াছড়ি ও চট্টগ্রামেও ম্যালেরিয়ার প্রকোপ দেখা যাচ্ছে।
বিশেষ করে জুম চাষি, কাঠুরিয়া, কয়লা শ্রমিক এবং শরণার্থীরা এই রোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এদিকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে ওষুধ-প্রতিরোধী ম্যালেরিয়া শনাক্তে গবেষণার উদ্যোগ নিয়েছে আইসিডিডিআর,বি।
স্বাস্থ্য অধিদপ্তরের মতে, ম্যালেরিয়া নির্মূলে বর্তমানে চারটি প্রধান বাধা রয়েছে। এর মধ্যে প্রতিবেশী দেশ থেকে আসা সংক্রমণ, সীমান্তে দুর্বল নজরদারি, সীমান্তবর্তী এলাকায় মশা নিধনে সমন্বিত কার্যক্রমের অভাব এবং মাঠ পর্যায়ে কীটতাত্ত্বিক নজরদারির দুর্বলতা অন্যতম। জেএইচআর
২৫ এ প্রিল ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur