চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানঘর পুননির্মানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক ব্যবসায়ী নেতার বিরুদ্ধে রাস্তা নির্মাণের অজুহাতে জায়গা দখলের চেষ্টা চালানোর অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
গত ৮ই এপ্রিল রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে বাজারের অন্তত ৫-৬টি দোকানঘর পুড়ে যায়। এর মধ্যে জেলা পরিষদ থেকে লিজ নেওয়া দোকানও রয়েছে। আগুনে সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা যখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, ঠিক তখনই শুরু হয়েছে নতুন সংকট।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া দোকানগুলোর পেছনে দড়ি টানিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে। স্থানীয়দের দাবি, এখানে রাস্তা নির্মাণের পরিকল্পনার কথা বলে পুনর্নির্মাণ কাজে বাধা দেওয়া হচ্ছে। এমনকি বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে ওই স্থানে নিরামিষ রান্না করে আনন্দ উদযাপন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তির অনুসারীরা।
জানা গেছে, প্রায় চার দশক আগে স্থানীয় আবুল হোসেন বাবুল পাটোয়ারী জেলা পরিষদের কাছ থেকে জমিটি লিজ নিয়ে সেখানে দোকান নির্মাণ করেন। বর্তমানে খোরশেদ আলম নামে এক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ওই দোকানগুলোর একটিতে ব্যবসা পরিচালনা করে আসছেন।
লিজগ্রহীতা বাবুল পাটোয়ারী অভিযোগ করে বলেন, অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত দোকান পুনর্নির্মাণের জন্য গত ১০ই এপ্রিল কাজ শুরু করতে গেলে ইউসুফ পাটোয়ারী নামে এক ব্যক্তি বাধা দেন এবং জোরপূর্বক দখলের চেষ্টা করেন। তার অভিযোগ, “দোকান পুড়ে যাওয়ার পর অবশিষ্ট দেয়ালও ভেঙে ফেলা হয়েছে।
পুনর্নির্মাণের জন্য আনা নির্মাণসামগ্রীও সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি দোকানের পেছনের ডোবায় দড়ি টানিয়ে রাস্তার সীমানা নির্ধারণ করা হয়েছে। সরকার চাইলে রাস্তা করতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এভাবে বাধা দেওয়া ঠিক নয়।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, “আগুনে সবকিছু হারিয়ে নতুন করে শুরু করতে চাচ্ছি। কিন্তু বিভিন্ন হুমকি ও বাধার কারণে এখনো কাজ শুরু করতে পারিনি।”
অভিযোগের বিষয়ে ইউসুফ পাটোয়ারী নিজেকে বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক দাবি করে বলেন, “এটি সরকারি জায়গা। আগে এখানে রাস্তা ছিল, যা দখল করে দোকান করা হয়েছে। বাজারের স্বার্থে আমরা এখানে আবার রাস্তা নির্মাণ করবো।”
এদিকে বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জাকির খান বলেন, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে অন্তত দুটি জেলা পরিষদ থেকে বৈধভাবে লিজ নেওয়া। তিনি বলেন, “লিজ থাকলে দোকান মেরামত করা স্বাভাবিক বিষয়। আর লিজ না থাকলে বিষয়টি সরকারিভাবে নিষ্পত্তি হবে। তবে একটি চক্র কেন পুনর্নির্মাণে বাধা দিচ্ছে, তা বোধগম্য নয়।”
তিনি আরও জানান, বাজারে একটি নির্বাচিত ব্যবসায়ী পরিচালনা কমিটি রয়েছে এবং সেই কমিটির পক্ষ থেকে কেউ এ ধরনের বাধা দেয়নি। ইউসুফ পাটোয়ারী নিজেকে কমিটির নেতা হিসেবে দাবি করলেও তার এ দাবির কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেদক: শিমুল হাছান,
১৬ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur