চাঁদপুর সরকারি কলেজের ছাত্রীদের হোস্টেলে সিলিং ফ্যান এবং পানির ফিল্টার উপহার দিয়েছে মোশাররফ ফাউন্ডেশন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কলেজের অধ্যক্ষ’র হাতে এই উপহার তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০টি সিলিং ফ্যান এবং ২টি পানির ফিল্টার।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আবদুল মাননান, উপাধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান মিয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক খালেদ ইকবাল, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাইদুজ্জামান ও মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য।
মোশাররফ ফাউন্ডেশনের চেয়ারম্যান, চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, এই কলেজে থেকেই আমার সামাজিক ও রাজনৈতিক জীবনের সূচনা। তাই এই প্রতিষ্ঠানের প্রতি আমার আলাদা টান ও দায়বদ্ধতা রয়েছে। আমার ছেলের মাধ্যমে জানতে পারি, তীব্র গরমে ছাত্রী হোস্টেলে থাকা শিক্ষার্থীরা অনেক কষ্ট পাচ্ছে। সেই কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে মোশারফ ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে। সবসময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।
ঐ বিষয়ে আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইনের একমাত্র সন্তান এবং মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য জানান, আমাদের দেশে অন্যতম প্রধান চারটি সমস্যা হলো শিক্ষা, স্বাস্থ্য, নারীর অধিকার এবং ক্রীড়া। চাঁদপুরে এই তিনটি সমস্যা সমাধান কাজ করার লক্ষ্যে মোশারফ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। এটির চেয়ারম্যান হিসেবে আমার বাবা আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন কাজ করছেন। আজকে চাঁদপুর সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে তীব্র গরমে শিক্ষার্থীদের কষ্ট লাগবে সিলিং ফ্যান ও পানির ফিল্টার প্রদান করা হয়েছে। এর মধ্য দিয়ে আমাদের মোশারফ ফাউন্ডেশনের যাত্রা শুরু হলো। ইনশাল্লাহ, আগামীতে চাঁদপুরে শিক্ষা, স্বাস্থ্য, নারীর অধিকার এবং ক্রীড়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
কলেজ কর্তৃপক্ষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মোশারফ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা করেন, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের আবাসিক পরিবেশকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।
স্টাফ রিপোর্টার/
১৫ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur