চাঁদপুরের শাহরাস্তিতে লাইসেন্সবিহীনভাবে ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপি’র বেরনাইয়া বাজারে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল বিক্রি, বৈধ লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে আব্দুস সোবহান নামে এক জ্বালানি ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
এ সময় একটি কাপড়ের দোকানে লুকিয়ে রাখা আনুমানিক ১শ ৩০লিটার অকটেন উদ্ধার করা হয়, যা পরে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযানে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও খিলা ফাঁড়ি পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
১২ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur