চাঁদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ ও ৫৪ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুর ১১ টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার ভূমি কর্মকর্তা বাপ্পী দত্ত রনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান দিয়ে এই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়। পাঠ্যপুস্তকের জ্ঞান ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয় ঘটাতে না পারলে আমরা বিশ্বের তুলনায় ১০ থেকে ১৫ বছর পিছিয়ে থাকবো। আমাদের বর্তমান পাঠ্যক্রম এখনো যুগোপযোগী নয়, তবে সরকার এটিকে আধুনিকায়নের উদ্যোগ নিচ্ছে—এটা আশাব্যঞ্জক।
তিনি আরও বলেন, বিশেষ করে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বেসিক ধারণা অনেক সময় পরিষ্কার থাকে না। ফলে তারা উচ্চ প্রযুক্তি বা উদ্ভাবনী কাজে দক্ষতা অর্জন করতে পারে না। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হতে হবে। বিষয়ভিত্তিক শিক্ষকরা—বিশেষ করে ফিজিক্স ও কেমিস্ট্রির শিক্ষকরা—শিক্ষার্থীদের কতটা দক্ষতার সাথে বুঝাতে পারছেন, সেটি নিয়মিত পর্যবেক্ষণ করা প্রয়োজন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি নিজেদের সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অযথা আড্ডা দেওয়া, অতিরিক্ত মোবাইল ব্যবহার এবং সময় নষ্ট করার প্রবণতা থেকে দূরে থাকতে হবে। এসব কারণে আমাদের দেশের অনেক শিক্ষার্থী ধীরে ধীরে শিক্ষায় পিছিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের উচিত নিজের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি হলো শিক্ষিত যুবসমাজ। তাই শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হবে। তাহলেই আমরা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (চাঁদপুর সদর)- মোহাম্মদ জাকির হোসেন।
ওসমানিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক এম আর ইসলাম বাবু এর সঞ্চালনায়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএম হাই স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতিনিধি শিক্ষক, ক্রীড়া শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১২ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur