Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ডেঙ্গু প্রতিরোধে ফরিদগঞ্জে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে ফরিদগঞ্জে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রতি শনিবার দেশব্যাপী এ কার্যক্রম পালন করা হচ্ছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে থেকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ অভিযান শুরু হয়। এ সময় নেতাকর্মীরা উপজেলা সদরের প্রধান সড়কের দুই পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

পাশাপাশি তারা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করেন এবং ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীর নেতৃত্বে অভিযানে অংশ নেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ এম টুটুল পাটওয়ারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, গোলী বাবুল, বিএনপি নেতা আলমগীর হোসেন, সেলিম রাঢ়ী, পেয়ার আহাম্মদ, মিজানুর রহমান, মাহমুদ পাটওয়ারী, যুবদল নেতা শাওন পাঠান, ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন, মুহিন আহাম্মদসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম নিয়মিত হলে জনসচেতনতা বাড়বে এবং মশাবাহিত রোগ প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রতিবেদক: শিমুল হাছান
১১ এপ্রিল ২০২৬