Home / চাঁদপুর / পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে: চাঁদপুরে কৃষি ও মৎস্য মন্ত্রী

পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে: চাঁদপুরে কৃষি ও মৎস্য মন্ত্রী

চাঁদপুরে কৃষি এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে, কৃষি খাত শক্তিশালী হলেই দেশের সামগ্রিক অর্থনীতি শক্তিশালী হবে। তিনি বলেন, যতদিন পর্যন্ত আমাদের কৃষি খাত মজবুত না হবে, ততদিন দেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে শহরের বড়স্টেশন এলাকায় তিন নদীর মোহনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী (৭-১৩ এপ্রিল) জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনের পরপরই সরকার তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে। ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আসন্ন পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড চালু করা হবে, উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, নির্বাচনের আগে কৃষকদের ঋণ মওকুফের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নও ইতোমধ্যে শুরু হয়েছে। অনেকে মনে করেছিল এগুলো শুধুই নির্বাচনী প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে আমরা তা কার্যকর করেছি। যাদের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ ছিল, সেগুলো মওকুফ করে দেওয়া হয়েছে বলেন তিনি।

এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী। প্রতিপাদ্যের আলোকে নদীভিত্তিক এই অঞ্চলে ইলিশের উৎপাদন বৃদ্ধি, প্রজনন সুরক্ষা এবং জাটকা নিধন রোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ কোস্ট গার্ডের রিজিওনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান, নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ নুরুন্নবী খন্দকার, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম। 

প্রতিবেদক: শরীফুল ইসলাম
৭ এপ্রিল ২০২৬