চাঁদপুরের হাইমচরে জাটকা নিধন প্রতিরোধ ও ইলিশ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বর্তমান জাটকা সংরক্ষণ মৌসুম সফল করা। জেলেরা যাতে জাটকা নিধন থেকে বিরত থাকে এবং সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালিত হয়, সে লক্ষ্যে রাজনৈতিক ও প্রশাসনিক সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়।
সভায় উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ প্রশাসনের সাথে একাত্মতা ঘোষণা করে জাটকা রক্ষায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপি সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় ইউএনও অমিত রায় বলেন, “জাটকা আমাদের জাতীয় সম্পদ। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে মা ইলিশ ও জাটকা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই অভিযানকে আরও বেগবান করবে।”
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জাতীয় সম্পদ রক্ষায় দল-মত নির্বিশেষে কাজ করা প্রয়োজন। সাধারণ জেলেদের সচেতন করার পাশাপাশি কেউ যাতে অবৈধভাবে জাটকা নিধন করতে না পারে, সে ব্যাপারে তারা মাঠ পর্যায়ে তদারকি ও প্রশাসনকে সহায়তা করবেন।
উল্লেখ্য, জাটকা রক্ষায় বর্তমানে নদীতে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে। আজকের এই সমন্বিত সভার ফলে হাইমচর এলাকায় জাটকা বিরোধী অভিযান আরও সফল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
৫ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur