চাঁদপুরের হাইমচরে জাতীয় সম্পদ ইলিশ ও চিংড়ি রেণু রক্ষায় কঠোর অবস্থানে নেমেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন। জাটকা নিধন প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর পাড়ে গড়ে তোলা অসাধু জেলেদের বেশ কয়েকটি অবৈধ আস্তানা গুঁড়িয়ে দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
রোববার (৫ এপ্রিল) চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ গাজীর নেতৃত্বে মেঘনা নদীর উপকূলীয় এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, মার্চ ও এপ্রিল—এই দুই মাস নদীতে সব ধরনের জাল ফেলা নিষিদ্ধ থাকলেও স্থানীয় কিছু অসাধু প্রভাবশালীর মদদে বহিরাগত জেলেরা মেঘনার পাড়ে নির্জন সুপারি বাগান ও ঝোপঝাড়ের আড়ালে অস্থায়ী ঝুপড়ি ঘর তৈরি করে আস্তানা গেড়েছিল। সেখান থেকে রাতের আঁধারে জাটকা ইলিশ ও গলদা চিংড়ির রেণু নিধন করে গোপনে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব আস্তানায় হানা দেন এবং অবৈধ ঝুপড়িগুলো ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ গাজী বলেন, “আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে আমরা মাঠে নেমেছি। জাতীয় সম্পদ রক্ষায় কোনো অপশক্তির কাছে আমরা নতি স্বীকার করব না। অবৈধ জেলেরা যাতে পুনরায় আস্তানা করতে না পারে, সেজন্য আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি।”
উপজেলা বিএনপির আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের সরদার জানান, “আস্তানা উচ্ছেদের পাশাপাশি নদীতে মাছ ধরারত কয়েকটি নৌকাকে আমরা ধাওয়া দিয়েছি। আমাদের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। সরকারি নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত আমাদের এই তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”
হাইমচর উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ ফয়সাল আখন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কোনো আপস চলবে না। জাটকা নিধন ও চিংড়ি রেণু পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।”
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনি সরদার, উপজেলা মৎস্য দলের সাধারণ সম্পাদক জুয়েল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জাটকা রক্ষায় প্রতিবছরের ন্যায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এবার প্রশাসনের পাশাপাশি মাঠপর্যায়ে জাতীয় সম্পদ রক্ষায় বিএনপির এই সক্রিয় ভূমিকা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
৫ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur