Home / চাঁদপুর / ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি মানিক
ডেঙ্গু

ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি মানিক

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে চাঁদপুরে সমন্বিত অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ড ও সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচির উদ্বোধনকালে চাঁদপুর-০৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ রোগ প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, এর সঙ্গে সাধারণ জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, আমাদের প্রত্যেককে নিজ নিজ বাসাবাড়ি, আশপাশের পরিবেশ এবং কর্মস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ জমে থাকা পানিতেই এডিস মশা বংশবিস্তার করে।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মসূচি শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। তিনি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, বিভিন্ন দপ্তর এবং সর্বস্তরের জনগণের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় পুলিশ সুপার মোঃ রবিউল হাসান,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রিক হিসা, নির্বাহী কর্মকর্তা মোঃ নুর আজম শরীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৪ মার্চ ২০২৬