Home / চাঁদপুর / চাঁদপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ
এতিম

চাঁদপুরে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ

চাঁদপুর শহরের রহমতপুর কলোনী আবাসিক এলাকার ভূঁইয়া বাড়ির মৌলভী আব্দুল জাব্বার হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ২৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে ঈদ উপলক্ষে ঈদের নতুন পাঞ্জাবি উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১২টায় মাদরাসা প্রাঙ্গণে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে এতিম শিক্ষার্থীদের হাতে নতুন এই উপহার তুলে দেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।

মাদরাসার কোষাধ্যক্ষ আবু নাছের ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়ার যৌথ আয়োজনে এটি বাস্তবায়ন করেন ভূঁইয়া বাড়ির যুবসমাজ।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার সাধারণ সম্পাদক আব্দুর রব ভূঁইয়া, মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ভূঁইয়া বাড়ির মসজিদ, মাদরাসা ও এতিমখানা পরিচালনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন ভূঁইয়া, চুন্নু ভূঁইয়া, শাহআলম ভূঁইয়া, মোস্তফা ভূঁইয়া ও মুন্না ভূঁইয়া।
আয়োজকরা বলেন, ঈদ সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। এতিম শিক্ষার্থীরাও যেন সেই আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই তাদের জন্য নতুন পাঞ্জাবি উপহার দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, চাঁদপুর রহমতপুর কলোনী আবাসিক এলাকার ভূঁইয়া বাড়িতে অবস্থিত মৌলভী আব্দুল জাব্বার হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ভূঁইয়া পরিবারের হাজী আব্দুল জব্বার মৌলভীর কন্যা মরহুমা হোসনে আরা বেগমের উদ্যোগে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি কোরআনে হিফজ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ পর্যন্ত এ মাদরাসা থেকে প্রায় ৯০ জন শিক্ষার্থী পবিত্র কোরআনের হাফেজ হিসেবে সাফল্যের সাথে বের হয়েছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১৩ মার্চ ২০২৬