চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, বিজ্ঞানী, চিকিৎসক, প্রকৌশলী, উদ্যোক্তা ও বিশ্বমানের নেতৃত্ব তৈরি হবে। এই শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের তারেক রহমান তৈরি হবে।
তিনি আরো বলেন, মেয়েদের মধ্য থেকেও আগামীর বিল গেটসের মতো সফল উদ্যোক্তা ও উদ্ভাবক তৈরি হবে। আমরা চাই, তোমরা শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলবে।
তিনি বলেন, আমি আজ একটি বিষয় পরিষ্কারভাবে বলতে চাই—একটি বিদ্যালয়ের দায়িত্ব শুধু প্রধান শিক্ষক বা শিক্ষকদের একার নয়। এই প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডি এবং সংশ্লিষ্ট সবার। সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, আমি আসার পর একটি কাগজে বিদ্যালয়সংক্রান্ত কিছু বিষয় তুলে ধরা হয়েছে। আমি বলতে চাই, আমাদের সরকারের সময়কাল মাত্র আট মাস হলেও আমরা নিয়মনীতি, শৃঙ্খলা ও জবাবদিহিতার বিষয়ে কোনো আপস করতে চাই না। প্রতিটি প্রতিষ্ঠান তার নিজস্ব নিয়ম ও বিধিবিধান মেনে পরিচালিত হবে। এই বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি কিংবা যেকোনো যৌক্তিক সমস্যা নিয়ে আপনারা যেকোনো সময় আমার সঙ্গে দেখা করতে পারবেন। আপনাদের কথা শুনতে এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে আমি সব সময় প্রস্তুত।
তিনি আরো বলেন, আমি বিশেষভাবে বলতে চাই, বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের খেলাধুলা, শরীরচর্চা ও মানসিক বিকাশের জন্য। এই মাঠ কোনোভাবেই অন্য কোনো অননুমোদিত কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। কেউ যদি বিদ্যালয়ের মাঠ অন্য কাজে ব্যবহার করতে আসে, তাহলে শিক্ষক, গভর্নিং বডি, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে নিয়মতান্ত্রিকভাবে তা প্রতিহত করতে হবে। শিক্ষার্থীদের অধিকার ও বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সন্তানদের ভালো ফলাফল শুধু তাদের নিজেদের অর্জন নয়, এটি বাবা-মায়ের মুখে হাসি ফোটায়, পরিবারের সম্মান বৃদ্ধি করে। একজন সন্তান যখন ভালো ফলাফল করে, তখন সবচেয়ে বেশি গর্বিত হন তার বাবা-মা। তাই সন্তানদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শিষ্টাচার, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করুন।
শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেন না, তিনি একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ করেন। আপনাদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠার ওপর নির্ভর করছে আগামী প্রজন্মের সাফল্য। তাই শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হোন। দুর্বল শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করুন।
তিনি আরো বলেন, আমরা চাই, এই বিদ্যালয় শুধু ভালো ফলাফলের জন্য নয়, শিক্ষার মান, শৃঙ্খলা, খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষার জন্যও একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠুক। আমাদের মনে রাখতে হবে, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে একটি শিক্ষিত, মানবিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। আসুন, আমরা সবাই মিলে এই বিদ্যালয়ের উন্নয়নে কাজ করি। শিক্ষক, অভিভাবক, গভর্নিং বডি ও শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করি।
পরিশেষে, এই বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।
চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ মো. নুরুজ্জামান কাজলের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আইনুন নাহার।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ৪র্থ শ্রণীর ছাত্র যায়িদউল হাসান ও গীতা থেকে পাঠ করেন ৫ম শ্রেণীর অবনিশ জাগরী। এরপর জাতীয় সংগীত পরিবেশন হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাইদ চৌধুরী, জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাকির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেক।
উল্লেখ্য, চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ সালের ৬২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদে মাঝে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ অতিথিরা।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক
১ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur