Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত
মেঘনায়

চাঁদপুরে অজ্ঞাত নারীর মরদেহ, তদন্তে উঠে এলো হ/ত্যা/র আলামত

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর তীর থেকে উদ্ধার হওয়া এক অজ্ঞাত তরুণীর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় পূর্বে দায়ের করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরের জন্য আবেদন করা হয়েছে।

রাজরাজ্বেশ্বর নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় এক ব্যক্তির ফোন পেয়ে গ্রাম পুলিশ সদস্য মো. আবুল কালাম আকন ঘটনাস্থলে যান। সেখানে প্রয়াত সেলিম চেয়ারম্যানের গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে মেঘনা নদীর তীরে বিবস্ত্র অবস্থায় প্রায় ২০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে আলু বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহটি আঞ্জুমান মফিদুল খাদেমুল ইসলাম চাঁদপুর শাখার কাছে হস্তান্তর করে দাফন করা হয়।

এদিকে ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তরুণীর মাথায় গুরুতর আঘাতের পর পানিতে ডুবে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে এবং এ আঘাত জীবদ্দশায়ই সংঘটিত হয়েছিল। ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মো. আসিবুল আহসান চৌধুরী জানান, মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর পানিতে ডুবে শ্বাসরোধে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

ঘটনার পরদিন গ্রাম পুলিশ সদস্য মো. আবুল কালাম আকন চাঁদপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন (মামলা নং-০২/৫০, তারিখ: ৩ জুলাই ২০২৫)।

তবে ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার ইঙ্গিত পাওয়ায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় একটি হত্যা মামলা হিসেবে রুজুর আবেদন করা হয়েছে।

আলু বাজার নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক পংকজ কুমার দেব শর্মা জানান, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অজ্ঞাত এই নারীর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আলু বাজার নৌ পুলিশ ফাঁড়িকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. চান মিয়া (মোবাইল: ০১৭২০-৪৯৪৬৯২)।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১২ মার্চ ২০২৬