Home / সারাদেশ / ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ প্রাণহানি
সড়কে

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ প্রাণহানি

গত ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন এক হাজার ১৮১ জন। নিহতদের মধ্যে ৪৩ নারী ও ৪১ শিশু রয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। বিভিন্ন গণমাধ্যম পর্যবেক্ষণ করে সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত ও ১৩৭ জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭০ শতাংশ এবং নিহত হওয়ার ৩৭ দশমিক ৩৬ শতাংশ। এ সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন এবং নৌপথে ছয়টি দুর্ঘটনায় চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জন নিহত ও এক হাজার ১৯৭ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১১৩টি সড়ক দুর্ঘটনায় ১১৫ জন নিহত ও ৩৮৭ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে বরিশাল বিভাগে। সেখানে ২২টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৫৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৯৩ চালক, ৭৬ পথচারী, ২০ পরিবহন শ্রমিক, ৫৮ শিক্ষার্থী, চার শিক্ষক, ৬৩ নারী, ৫৫ শিশু, দুই সাংবাদিক, দুই বীর মুক্তিযোদ্ধা ও ছয়জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় নিশ্চিত হয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘটিত মোট দুর্ঘটনার ৪১ দশমিক ৭৪ শতাংশ গাড়িচাপা দেওয়ার ঘটনা, ৩৩ দশমিক ২৫ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১৭ দশমিক ১৮ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে, ৬ দশমিক ৪৭ শতাংশ বিবিধ কারণে, দশমিক ২২ শতাংশ চাকায় ওড়না পেঁচিয়ে ও ১ দশমিক ১১ শতাংশ ট্রেন-যানবাহনের সংঘর্ষে ঘটেছে।

দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, মোট দুর্ঘটনার ৪২ দশমিক ৬৩ শতাংশ জাতীয় মহাসড়কে, ২৫ দশমিক ৪৪ শতাংশ আঞ্চলিক মহাসড়কে ও ২৭ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এ ছাড়া সারাদেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৩ দশমিক ৩৪ শতাংশ ঢাকা মহানগরীতে, দশমিক ৪৪ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও ১ দশমিক ১১ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, সড়ক দুর্ঘটনার কারণগুলোর মধ্যে প্রথমটি হলো সড়ক পরিবহন সেক্টর পরিচালনায় অনভিজ্ঞতা, আমলাতান্ত্রিক জটিলতা, নীতি ও কৌশলগত দুর্বলতা। এ ছাড়া সারাদেশে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও নছিমন-করিমন সড়ক-মহাসড়কে অবাধে চলাচলও একটা কারণ।

চাঁদপুর টাইমস ডেস্ক/
৭ মার্চ ২০২৬