Home / উপজেলা সংবাদ / হাইমচর / যথাযোগ্য মর্যাদায় হাইমচরে মাতৃভাষা দিবস পালিত
মাতৃভাষা

যথাযোগ্য মর্যাদায় হাইমচরে মাতৃভাষা দিবস পালিত

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।আজ হাইমচর উপজেলায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

হাইমচর উপজেলা প্রাঙ্গনে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা দেয়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের দাবী জানায়। মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই হাজার হাজার মানুষ শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার। শহীদ মিনারে একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে হাইমচর উপজেলা প্রশাসন কর্তৃক শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা জানানোর পর্ব। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়, হাইমচর থানা পুলিশ প্রশাসন, হাইমচর উপজেলা বিএনপি, বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পল্লী বিদ্যুৎ সমিতি এবং বিভিন্ন সামাজিক সংগঠন এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, হাইমচর এর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১১ ঘটিকায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রশিদ এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় এর সভাপতিত্ব করেন।

উক্ত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাকিল খন্দকার, শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা পাপ্পু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম চৌধুরী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম আশরাফুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, উপজেলা প্রকৌশলী (অ.দা) মোঃ আশরাফুল হাসান, চাঁদপুর সময় পত্রিকার প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন আসিফ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
২১ ফেব্রুয়ারি ২০২৬