পবিত্র রমজান মাসকে সামনে রেখে চাঁদপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজয়ী নারী উন্নয়ন সংস্থা। প্রতি বছরের ধারাবাহিকতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) চাঁদপুর পুরান বাজার এলাকায় সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অসচ্ছল পরিবারের হাতে রমজানের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল: চাল, ডাল, তেল, বুট, চিনি, লবণ, আলু, মুড়ি, চিড়া ও অন্যান্য খাদ্যপণ্য।
অনুষ্ঠানে সংস্থার প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান। “রোজার খুশি” শিরোনামে আয়োজিত এই কর্মসূচিতে উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি।
এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন ইনার হুইল ক্লাব অফ আরুশি-এর প্রেসিডেন্ট ও সংস্থার উপদেষ্টা নিলুফার করিম।
মুঠোফোনে সংস্থার প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও রোজার আনন্দ কিছু মানুষের ঘরে পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী
১৬ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur