চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম সরকার।
সভায় চাঁদপুর জেলা প্রশাসক বলেন,আগামী ১২ফেরুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫টি আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা প্রশাসন বদ্ধ পরিকর। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল,চাঁদপুর প্রেসক্লাব,সাংবাদিক,সুধীজন,নাগরিকগনের সহযোগিতা কামনা করছি। নদী এলাকার ভোটারদের নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি প্রার্থীদের সহমর্মিতা ও সহনশীলতার আহ্বান জানিয়ে বলেন, ফরিদগঞ্জের খাজুরিয়া ইউনিয়নের ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ১৫ জন আহত সংক্রান্ত ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, যা ভিউ বাড়িয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে করা হচ্ছে। অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন,চাঁদপুরের নির্বাচনী এলাকার প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।পুলিশের কাছে থাকবে বডি ক্যামেরা।প্রত্যেক প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় থাকবে গানম্যান ।সেনাবাহিনী,পুলিশ,কোষ্টগার্ড ,আনসার, র্যাব,সহ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী মাঠে কাজ করছে।
তিনি আরও বলেন, ব্যালট পেপার সব কেন্দ্রে পৌঁছানো কার্যক্রম শুরু হবে । এজন্য সড়ক ও পরিবহন ব্যবস্থায় সকল স্টেকহোল্ডারের সহযোগিতা দরকার। নির্বাচনের দিন একটি মোটরসাইকেলে দু’জনের বেশি চলাচল নিষিদ্ধ এবং প্রার্থীদের ক্ষেত্রেও একই বিধি নিষেধ মানতে হবে।তবে ভােটারদের ব্যবহারে ছোট ছোট যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকবে না। ভোটাররা যাতে সহজে ভোট কেন্দ্রে যেতে পারে তার নিশ্চিত করা হবে।নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
ডিসি জানান, চাঁদপুরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভাগীয় কমিশনার পর্যায় থেকে পর্যবেক্ষণ চলছে। কোনো কেন্দ্রে অহেতুক ঝামেলা নয়—সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে, সব বাহিনী যৌথভাবে মাঠে নামছে। ১১ ফেব্রুয়ারির মধ্যে সব নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হবে। সদর ও ফরিদগঞ্জ উপজেলায় বাড়তি গুরুত্ব দিয়ে নজরদারি চলছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, শতভাগ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করা হবে। আজ থেকেই সব বাহিনী যৌথভাবে মাঠে কাজ করবে। ফরিদগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অনলাইন অপপ্রচারের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে। উস্কানিমূলক কনটেন্ট নজরে এলে জানাতে অনুরোধ করেন তিনি।
চাঁদপুর ক্যাম্পের দায়িত্বরত সেনাবাহিনীর অধিনায়ক ক্যাপ্টেন আশিক বলেন, ১২ তারিখের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সেনাবাহিনী মাঠে সক্রিয় থাকবে।
চাঁদপুর জেলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান বলেন, কঠিন আবহাওয়াতেও কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করছে—নির্বাচনকে গ্রহণযোগ্য করাই লক্ষ্য।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড সুন্দর ব্যবস্থাপনায় প্রদান করায় জেলা প্রশাসনের নির্বাচনী সেলকে ধন্যবাদ। নির্বাচন কভারেজে সাংবাদিকরা মাঠ পর্যায়ে আরপিও মেনে পেশাদারিত্ব বজায় রাখবেন এবং যেকোনো প্রয়োজনে প্রেসক্লাব প্রশাসনের পাশে থাকবে।বিশেষ ১২ফেরুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মিডিয়ার পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে।
সভায় বক্তব্য রাখেন— চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম হাওলাদার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী,চাঁদপুর বারের সভাপতি এড: বাবর বেপারী , বীর মুক্তিযোদ্ধা হাসেম, জেলা এনসিসি আহ্বায়ক মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজি রাসেল।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজলা রানী চাকমা, চাঁদপুর জেলা সিভিল সার্জন ডাঃ নূর আলম দ্বীন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, জেলা আনসার কমান্ডার ফজলে রাব্বী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
সভা শেষে বক্তারা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে উল্লেখ করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির প্রশংসা করেন।
নিজস্ব প্রতিবেদক/
৮ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur