চাঁদপুরের হাজীগঞ্জে ঐক্যবদ্ধ প্রেসক্লাবের কারনে ভালো সাংবাদিকতা হয় বলে অভিমত প্রকাশ করেন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। তিনি শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ পৌর সুপার মার্কেটের চতুর্থ তলায় নব-নির্মিত হাজীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের শুভ উদ্বোধন কালে আরো বলেন, সাংবাদিরা সমাজের দর্পন হিসাবে নানা সমস্যা তুলে ধরেন। কিন্তু সে জন্য তাদেরও ভালো পরিবেশ দরকার। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।
প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কাজী শাহাদাত, ফাতেমা আক্তার ও সমন্বয় কমিটির সদস্য এসএম চিশতী।
সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নাছির উদ্দিন ও গীতা থেকে পাঠ করেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।
এসময় অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী’সহ প্রেসক্লাবের সকল পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, প্রতিষ্ঠার ৩০ বছর পর হাজীগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ১৯৯৬ সালে হাজীগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হলে দীর্ঘদিন নিজস্ব কার্যালয় না থাকায় প্রেসক্লাব নেতৃবৃন্দ ও হাজীগঞ্জের সংবাদকর্মীরা অস্থায়ী কার্যালয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
৬ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur