বস্তুনিষ্ঠতায় আপসহীন। এই স্লোগানকে ধারণ করে চাঁদপুরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে দৈনিক নয়া প্রভাত।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬ ইং) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আত্মপ্রকাশ ও সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে পত্রিকাটির কার্যক্রম শুরু করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানে সাংবাদিকতা ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সম্মাননাপ্রাপ্তরা হলেন, প্রবীণ সাংবাদিক, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, করোনাকালীন সময়ে করোনা আক্রান্ত ও মৃত্যুবরণকারী ব্যক্তিদের দাফন-কাফনসহ নানা মানবিক কর্মকাণ্ডে অবদানের জন্য করোনাকালীন স্বেচ্ছাসেবক টিমের প্রতিষ্ঠাতা প্রধান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন এবং নগর পরিচ্ছন্নতা আন্দোলনের জন্য ক্লিন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
দৈনিক নয়া প্রভাতের সম্পাদক ও প্রকাশক শেখ মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং প্রধান সম্পাদক কাদের পলাশের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, দৈনিক মেঘনা বার্তার প্রধান সম্পাদক মো. গিয়াস উদ্দিন মিলন, আর টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফ চৌধুরী, এসএ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি জি এম শাহিন, নয়া প্রভাতের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ বেলাল, ভারপ্রাপ্ত সম্পাদক জামাল সাকিব।
এছাড়াও বক্তব্য রাখেন, এনসিপির চাঁদপুর জেলা আহ্বায়ক মাহবুব আলম, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাওন পাটওয়ারী, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, নয়া প্রভাতের বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক, জেলা ছাত্র ফোরামের আহবায়ক সাইফুদ্দিন নিশান, ছাত্র শক্তি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক সাগর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আল-আমিন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, একটি দৈনিক পত্রিকা নিয়মিত চালানো অত্যন্ত কঠিন কাজ। নিয়মিত প্রকাশনা ধরে রাখা আরও বেশি চ্যালেঞ্জের। মানুষ যদি পত্রিকা না পড়ে, তাহলে তা টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অনেক নামকরা ও ঐতিহ্যবাহী পত্রিকা পাঠক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, বর্তমান প্রজন্মের তরুণরা পত্রিকা পড়ার চেয়ে মোবাইল ফোনে বেশি সময় কাটাতে আগ্রহী। অথচ নিয়মিত পত্রিকা পড়লে সমাজ, রাষ্ট্র ও বিশ্ব সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা যায়। তরুণদের জ্ঞানের পরিধি বাড়াতে পত্রিকা পড়ার বিকল্প নেই।
শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, আমি বিশ্বাস রাখি দৈনিক নয়া প্রভাত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য নয়, এটি বস্তু নিষ্ঠতায় চাঁদপুরের নিপীড়িত মানুষের কথা বলবে। অন্যায়, অবিচার, মাদক ও সকল অনিয়মের বিরুদ্ধে সাহসী ভূমিকা রাখবে এই পত্রিকা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবে দৈনিক নয়া প্রভাত, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সবশেষে তিনি দৈনিক নয়া প্রভাতের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৩ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur