‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রত্যয়কে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে থানা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
১৯ আগস্ট বুধবার বেলা ১২ টায় হাইমচরের চরভাঙ্গা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাইমচর থানার এসআই মো. ফারুকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান।
সমাবেশে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজে সৃষ্ট নানা সমস্যা এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থী ও অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. আবু তাহের, হাইমচর প্রেসক্লাবের সদস্য মোঃ হাসান আল মামুন, চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হাইমচর থানার ওসি মো. নাজমুল হাসান বলেন, “মাদক খুব ভয়াবহ একটি নেশা। এটি শুধু একজন মানুষকে ধ্বংস করে না, তার পুরো পরিবারকেও ধ্বংস করে দেয়। এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, মাদকের জন্য সন্তান তার বাবা-মায়ের সঙ্গেও খারাপ আচরণ করছে।”
তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ মেনে চলার আহ্বান জানান। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে ছোট-বড় সবাইকে সালাম দেওয়ার অভ্যাস গড়ে তোলার জন্যও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে নিরুৎসাহিত করার বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ওসি বলেন, “যে বাবা মাদক বিক্রি করে, তার সন্তানকে তোমরা সহপাঠী হিসেবে ভালোবাসবে, তবে তার বাবার মাদক ব্যবসার বিষয়টি তাকে বোঝাবে। তাকে বলবে—তোমার বাবা মাদক বিক্রি করেন, এটা বন্ধ করতে হবে। একজন বাবা যদি সন্তানের মুখে এ কথা শোনেন এবং তার মধ্যে সামান্যও মানবিকতা থাকে, তাহলে তিনি মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।”
তিনি আরও বলেন, “বিপথে চলে যাওয়া মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে পরিবার ও শিক্ষার্থীদের ভূমিকা রয়েছে। তোমরা তোমাদের বাবা-মা, ভাই-বোন ও স্বজনদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করবে।”
মাদকসেবন ও মাদক বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ওসি নাজমুল হাসান বলেন, “মাদক সেবন করলে জেলে যেতে হবে, মাদক বিক্রি করলেও জেলে যেতে হবে। হাইমচরকে মাদকমুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যারা মাদক বিক্রি করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, হাইমচরকে মাদকমুক্ত রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহতা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বক্তারা মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত হাইমচর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)
১৯ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur