চাঁদপুর শহরের বাসস্টেশন এলাকায় অভিজাত মিষ্টান্নবিতান জেনিথ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৯ আগস্ট) দুপুরে অভিযান চলাকালে এই জরিমানা করা হয়। জরিমানার আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি জানান, অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ এবং মিষ্টির মধ্যে পোকা পাওয়ার অভিযোগে জেনিথ সুইটসের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান মালিকরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেন।
তিনি আরো জানান, অভিযানের সময় অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য: অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৯ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur