হাইমচরে পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা

চাঁদপুরের হাইমচর উপজেলায় গ্রামীণ পরিবেশ, জনস্বাস্থ্য ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায়ের পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। সমন্বিত গ্রামীণ বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক পাইলট কার্যক্রম-এর আওতায় আয়োজিত এ কর্মশালাটি পরিচালনা করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রকল্পটি বিশ্বব্যাংকের Rural WASH for HCD কর্মসূচির সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা সহকারী প্রকৌশলী মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।

কর্মশালায় উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ২, ৬ ও ৭ নং ওয়ার্ডের পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত নারী সদস্য, স্থানীয় স্বেচ্ছাসেবক, বাজার প্রতিনিধি এবং স্যানিটেশন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত গ্রাম গড়ে তুলতে পয়ঃবর্জ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। সরকারি উদ্যোগ তখনই সফল হবে, যখন স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কমিটিগুলো সমন্বিতভাবে কাজ করবে। তিনি বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত তদারকি ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা (FSM), কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM), বর্জ্য পৃথকীকরণ, স্বাস্থ্যবিধি, পরিবেশ সংরক্ষণ এবং কমিটির দায়িত্ব ও কার্যপরিধি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকরা বাস্তব উদাহরণ ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন টিম লিডার ইমাম মাহমুদ রিয়াদ, সমন্বয়কারী মোঃ মতিউর রহমান, ইউনিয়ন ফেসিলিটেটর মোঃ জাহাঙ্গীর আলমসহ ইউপি সদস্য ও আলগী উত্তর ইউনিয়ন ২, ৬, ৭ ওয়ার্ড ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
২৭ জুলাই ২০২৬