হাইমচরে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩

হাইমচরে ২০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং ফৌজদারি কার্যবিধি আইনের ১৫১ ধারায় সন্দেহভাজন এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন।

গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে হাইমচর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর সদর উপজেলার বাখরপুরের শাহজাহান শেখের ছেলে জয়নাল আবেদীন জুয়েল (৩০), হাইমচরের গণ্ডামারা গ্রামের দুলাল বেপারীর ছেলে মোড় তারেক বেপারী (১৯) এবং উত্তর আলগীর মোক্তার আহম্মদ আখনের ছেলে সাকিব হোসেন (২৩)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবা-র দিকনির্দেশনায় পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় এসআই (নিঃ) জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ নয়ানী লক্ষ্মীপুর এলাকার বাংলা বাজার থেকে ২০ গ্রাম গাঁজাসহ জয়নাল আবেদীন জুয়েলকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়।

​অপরদিকে, এএসআই হান্নান উদ্দিন অপর একটি অভিযানে পূর্ব চরকৃষ্ণপুর এলাকা থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তারেক বেপারীকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় আরেকটি মামলা দায়ের করা হয়। এছাড়া এএসআই (নিঃ) সেলিম মিয়া পূর্বচরকৃষ্ণপুর বিসমিল্লাহ মোড় এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় সাকিব হোসেনকে ১৫১ ধারায় গ্রেপ্তার করেন।

​রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
৬ সেপ্টেম্বর ২০২৬