হাইমচরে ওয়াটার অ্যাম্বুলেন্স ও স্থায়ী বাঁধের দাবিতে তরুণদের কর্মসূচি
চাঁদপুরের হাইমচর উপজেলার ৪নং নীলকমল ইউনিয়নের হাজারো মানুষের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ওয়াটার অ্যাম্বুলেন্স এবং নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে কর্মসূচি শুরু করেছেন স্থানীয় তরুণরা। ইউনিয়নবাসীর জীবন, নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
রবিবার (১৮ অক্টোবর) নীলকমল ইউনিয়নের মাঝেরচর এলাকার মাঝির বাজারসংলগ্ন নদীর পাড় থেকে এ কর্মসূচি শুরু করা হয়। ইউনিয়নের তরুণ জে এস জিসান, শামীম সরকার, মান্নান হাওলাদার, হৃদয় পেদা ও সুজন ঢালীর উদ্যোগে ইউনিয়নবাসীর পক্ষে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি দাবিগুলো তুলে ধরে বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার স্থাপন করছেন উদ্যোক্তারা। গণস্বাক্ষর সংগ্রহ শেষে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত আবেদন জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
উদ্যোক্তারা বলেন, নীলকমল ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো জরুরি চিকিৎসাসেবা পাওয়া এবং নদীভাঙন থেকে বসতভিটা ও জনপদ রক্ষা করা। জরুরি মুহূর্তে দ্রুত হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা না থাকলে রোগী ও দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হয়। অন্যদিকে, নদীভাঙনের ঝুঁকি মানুষের বসতভিটা, জীবিকা ও ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ফেলছে।
তাঁরা আরও বলেন, “আমরা ইউনিয়নবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করছি। স্বাক্ষর সংগ্রহ শেষে আমাদের দুই দফা দাবি উল্লেখ করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন জানাব। আমরা চাই, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।”
এলাকাবাসীর দাবি, নীলকমল ইউনিয়নের চরাঞ্চলের মানুষের জন্য জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি সরকারি ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা প্রয়োজন। এখানে প্রতিদিন মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং চিকিৎসার অভাবে অনেকেই মৃত্যুবরণ করেছে। সাপে কাটা রোগী, ডেলিভারি রোগী এরকম অনেকেই মৃত্যুবরণ করেছে দ্রুত উপজেলা কিংবা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিতে না পাওয়ার কারণে। একই সঙ্গে নদীভাঙন প্রতিরোধে টেকসই ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করতে হবে। তাঁদের মতে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে মানুষের জীবন ও সম্পদ রক্ষার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্যোক্তারা দল-মতনির্বিশেষে সবাইকে এ দাবির পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, গণস্বাক্ষর ও লিখিত আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং নীলকমল ইউনিয়নবাসীর দীর্ঘদিনের সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১৮ অক্টোবর ২০২৬