চাঁদপুরের শাহরাস্তিতে বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন। উৎসবে মুখর জনপদ। স্বাধীনতার ৫৫ বছর পর এই প্রথম কোনো প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলায় আসছেন। আগামী শনিবার (১৬ মে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের শাহরাস্তি সফরকে ঘিরে পুরো উপজেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সফরসূচি অনুযায়ী, ঢাকা থেকে সড়কপথে চাঁদপুর যাওয়ার পথে শাহরাস্তির উয়ারুক বাজার এলাকায় গাড়ি থেকে নামবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তাঁর বাবার স্মৃতিবিজড়িত ঐতিহাসিক খোদ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং এক সংক্ষিপ্ত জনসভায় বক্তব্য রাখবেন।
স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক জানান, খোদ্দ খাল পুনঃখননের উদ্যোগ প্রধানমন্ত্রী নিজ আগ্রহেই গ্রহণ করেছেন। তিনি বলেন, এ খাল শুধু একটি জলাধার নয়, এটি এ অঞ্চলের মানুষের আবেগ ও স্মৃতির সঙ্গে জড়িত একটি ঐতিহাসিক স্থাপনা।
জানা যায়, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান খোদ্দ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ৪৬ বছর পর তাঁরই উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান একই খালের পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে আসছেন। বিষয়টি শাহরাস্তিবাসীর মধ্যে সৃষ্টি করেছে বাড়তি আবেগ ও উচ্ছ্বাস।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি-হাজীগঞ্জ অংশজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে ও ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।
এদিকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষকে উজ্জীবিত রাখতে সকাল ৯টা থেকে বাউল সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন দেশবরেণ্য বাউল শিল্পী কুদ্দুস বয়াতিসহ বিভিন্ন শিল্পী।গত কয়েক দিন ধরে দিন-রাত কাজ করে মঞ্চ নির্মাণ, সড়ক সংস্কার, সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি সম্পন্ন করছেন স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা।
সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতার অংশ হিসেবে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একাধিকবার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরাও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেছেন।
সব মিলিয়ে স্বাধীনতার ৫৫ বছরে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীর শাহরাস্তি সফরকে ঘিরে উৎসব, আবেগ ও প্রত্যাশায় মুখর হয়ে উঠেছে পুরো জনপদ।
প্রতিবেদক: মো জামাল হোসেন/ ১৫ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur