সৌদি আরবে হজে গিয়ে ২৭ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে চলতি বছরের হজ পালনের সময় এখন পর্যন্ত ২৭ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাঁদের মধ্যে ১৮ জন পুরুষ এবং ৯ জন নারী। হজ অফিস ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে ১৮ জন মক্কায় এবং ৯ জন মদিনায় ইন্তেকাল করেন।

রোববার এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ হজ অফিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন। এছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি এবং বিভিন্ন টিমের আরও ৭৭৪ জন ব্যবস্থাপনা সদস্য হিসেবে সেখানে অবস্থান করছেন।

হজযাত্রী পরিবহনের জন্য এ পর্যন্ত মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৮টি, সৌদি এয়ারলাইন্স ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৩০টি ফ্লাইট সম্পন্ন করেছে। যাত্রী পরিবহনের হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইন্সে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী।

চলতি বছর হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট গেছে ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

২৪ মে ২০২৬

এ জি