সিলেট মহাসড়কের দুর্ঘটনায় নিহত মতলবের খাইরুজ্জামান পিপলের দাফন সম্পন্ন

সিলেট-ঢাকা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত মতলব দক্ষিণের খাইরুজ্জামান পিপলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬ নং উপাদী ইউনিয়নের পিংরা গ্রামের তপাদার বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তিনি ওই বাড়ির মরহুম আব্দুল খালেক মাস্টারের মেজো ছেলে।

জানাজার নামাজে নিহতের আত্মীয়-স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সবার মধ্যে শোকের আবহ বিরাজ করে। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

উল্লেখ্য, সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চাঁদপুর জেলার দুই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহত খাইরুজ্জামান পিপলের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া
১০ অক্টোবর ২০২৬