আমাদের সঠিক দায়িত্ব থেকে কেউ বিচ্যুত করতে পারবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা এ জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যতই ট্রল বা অপবাদ দিক না কেন আমাদের সঠিক দায়িত্ব থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। আমাকে নিয়ে ট্রল শুরু হয়ে গেল। যারা ট্রল করা শুরু করল তারা কেউ পরীক্ষার্থী না। ঢাকার আইডিয়াল কলেজ, ল্যাবরেটরি স্কুল বা ভিকারুননিসা নূন স্কুল কাউকে দেখিনি আন্দোলন করতে। এভাবে আন্দোলন করে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছিল।

শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয় এর আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ২০০১-০৬ সাল পর্যন্ত বেগম খালেদা জিয়ার সময় শিক্ষামন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম। বর্তমানে তার সন্তান তারেক রহমানের সময় মন্ত্রীর দায়িত্ব পালন করছি। কীভাবে আপনারা ভাবতে পারেন অন্যায়কে প্রশ্রয় দিতে আমাকে নির্দেশ দেওয়া হবে- নিশ্চয় না। আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন। লেখাপড়া আমাদের করতে হবে এবং তার মানোন্নয়ন করতে হবে।

তিনি বলেন, বৃষ্টির কারণে আমাকে এক পরীক্ষার্থী ফোন করে পরীক্ষা বন্ধ করার অনুরোধ করে। আমার মেয়ে তানজিদার মাথায় একটু বৃষ্টির পানি পড়লে ফার্মের মুরগির মতো জ্বর চলে আসে। ওই পরীক্ষার্থীকে আমার মেয়ের উদহারণ হিসেবে দিয়েছিলাম এবং চিন্তা করছিলাম- বৃষ্টিতে তোমাদের জ্বর আসে কিনা তা নিয়ে উদ্বিগ্ন। বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি- পরীক্ষা বন্ধ করার প্রয়োজন নেই। পরে তাকে সান্ত্বনা দিলাম লক্ষ্মী মা আমার পড়ার টেবিলে বসো এবং মাকে বলো এক কাপ কফি তৈরি করে দিতে। কিন্তু শিক্ষার্থীরা এক ধরনের এ ন্যারোটিভকে তারা নেগেটিভে নিয়ে গেল। জাতি যদি এভাবে অর্ধকানা হয়ে যায় তাহলে তো আমাদের ভবিষ্যৎ ভালো হবে না।

এরআগে বেলা সাড়ে ১১টায় নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা অবমুক্ত ও বেলুন উড়ানো এবং ফলক উন্মোচন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন প্রধান অতিথিসহ অন্যরা। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে আম গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী।

এ সময় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য রেজাউল ইসলাম ও নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ রাজনৈতিক নেতারা ও শিক্ষার্থী-অভিভাবক উপস্থিত ছিলেন।

চাঁদপুর টাইমস ডেস্ক/
১৮ জুলাই ২০২৬