শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : ড. জালাল উদ্দিন এমপি

চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ডক্টর মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, শিক্ষার মান উন্নয়ন নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন কোন কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আজ সোমবার সকালে চাঁদপুরের মতলব উত্তরে চলমান এইচএসসি ও আলিম পরিক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জালাল উদ্দীন বরেন,‘পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি পরীক্ষা পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এদিন তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা এবং ফরাজীকান্দি আলিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ রহমতুল্লাহ, মতলব উত্তর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র সচিব হোসাইন মোঃ ইয়াছিন ঢালী সহ পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক/ ৬ জুলাই ২০২৬