শিক্ষামন্ত্রীকে নিয়ে অপপ্রচারে সচেতন অভিভাবক সমাজের প্রতিবাদ সভা

কুচক্রী মহলের অপপ্রচার, শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের মানহানির অপচেষ্টা এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন অভিভাবক সমাজের উদ্যোগে আয়োজিত এ সভায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. শাহ ইমরানের সভাপতিত্বে এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাতীয় স্মরণ মঞ্চের সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান মানিক, অধ্যক্ষ মো. ওয়াদুদ, অধ্যাপক মো. আফলাতুন, মো. ইউসুফ মিয়াজী, মো. খোরশেদ আলম শিকদার, মো. জাহাঙ্গীর আলম মজুমদার, মো. শারফিন হোসাইন, সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক কাজী হাবিব, অ্যাডভোকেট নজরুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুস সামাদ, মো. মোজাম্মেল হক (লিটন), মো. ইব্রাহীম খলিল, মো শাহ ইমরান খান, আব্দুল আলীম মিয়াজী, ডাক্তার জাকির হোসেন, মো. সাইফুদ্দিন, শান্তা ইসলাম পপি, নাছিমা আক্তার প্রমিতাসহ অনেকে।

সভায় বক্তারা বলেন, ড. আ ন ম এহছানুল হক মিলন একজন অভিজ্ঞ ও সময়োপযোগী শিক্ষামন্ত্রী হিসেবে দেশের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা দাবি করেন, অতীতে দুর্বল হয়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের মাধ্যমে তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং আধুনিক ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করেছেন।

বক্তারা আরো বলেন, শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ধারাকে বাধাগ্রস্ত করতে একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছে। তারা এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। তাদের বক্তব্যে আশা প্রকাশ করা হয়, ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে দেশে যুগোপযোগী, কর্মমুখী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৮ জুলাই ২০২৬