Home / শিক্ষাঙ্গন / দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিংয়ের নির্দেশ শিক্ষামন্ত্রীর
শিক্ষাপ্রতিষ্ঠান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মনিটরিংয়ের নির্দেশ শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মনিটরিংয়ের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৬ জুলাই) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন সঠিকভাবে মনিটরিং করা যায় সেজন্য প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান করা হচ্ছে কিনা তা নজরে রাখার জন্য ক্লাস রুমগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকতে হবে। এছাড়া একটি মনিটরিং সেল স্থাপন করতে হবে যেন সেখানে বসে যেকোনও সময় যেকোনও ক্লাসরুম পর্যবেক্ষণ করা যায়।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, “দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেটগুলো অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। ফলে সেগুলো ব্যবহারে অনেক শিক্ষক-শিক্ষার্থী আগ্রহী হন না। তাই দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। এক্ষেত্রে কোনও অবহেলা করা যাবে না।”

শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “আমাদের শিক্ষা কাঠামোকে এমনভাবে পরিবর্তন করতে হবে যেন সবাই শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।”

নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ৬ জুলাই ২০২৬