চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে তাদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, রোববার রাতে পৌরসভার সোনাপুর গ্রামের শাহ আলম মেম্বারের বাড়ির পূর্ব পাশে সেতুর ওপর অভিযান চালানো হয়। এ সময় মুঠোফোনে অনলাইন জুয়া খেলা অবস্থায় সোনাপুর দিঘীর পাড় এলাকার সোহেল মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২০), মসজিদ বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে সামীম (৩০) এবং চৌকিদার বাড়ি এলাকার বিল্লাল হোসেনের ছেলে পারভেজ হোসেন শুভকে (২০) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সোমবার সকালে তাদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘তিনজনকে মোবাইল ফোনে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৭ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur