Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ভরণপোষণ চাওয়ায় মাকে হত্যাচেষ্টা, ছেলে গ্রেপ্তার
ভরণপোষণ

শাহরাস্তিতে ভরণপোষণ চাওয়ায় মাকে হত্যাচেষ্টা, ছেলে গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তিতে ভরণপোষণের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তারই ছেলে সাইফুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের খলিল মেম্বারের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বাদী রেহেনা বেগম অভিযোগ করেন, স্বামীর মৃত্যুর পর তিনি দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করছেন। বড় ছেলে সংসারে সহযোগিতা করলেও ছোট ছেলে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে তার ভরণ-পোষণের দায়িত্ব পালন করেননি। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা হলেও কোনো ফল হয়নি

এজাহারে আরও বলা হয়, গত ১৫ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ভরণ-পোষণের টাকা চাইলে সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করেন এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণ-পোষণ আইনে একটি মামলা করেন।

বুধবার থানার উপ-পরিদর্শক (এসআই) শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে চাঁদপুরের আদালতে পাঠানো হয়েছে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২২ জুলাই ২০২৬