Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে অবৈধভাবে ড্রেজারে মাটি উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা
অবৈধভাবে

শাহরাস্তিতে অবৈধভাবে ড্রেজারে মাটি উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের দায়ে এক জমির মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আওতাধীন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানকালে অনুমোদনবিহীনভাবে মাটি উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারায় মামলা করা হয়। পরে অভিযুক্ত জমির মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৮ সেপ্টেম্বর ২০২৬